বঙ্গের বিধানসভা ভোটে ৪০ জন বিজেপি প্রচারকের নাম ঘোষণা করল দিল্লি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ:
২০২১ এর প্রচারে ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি। কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের নিয়ে তৈরি হয়েছে প্রচারকদের তালিকা। তালিকাটি তৈরি করেছে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব।

প্রসঙ্গত, বঙ্গ বিজেপির প্রচারের মুখ মোদী শাহ জুটি। তারপরেই ঠিক রয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদেরকে নিয়েই তৈরি হয়েছে নতুন প্রচারকদের তালিকা। বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও নেওয়া হয়েছে। এছাড়াও স্থান পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান।

বাংলার প্রচারে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম রেখেছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দিয়ে বেশি করে প্রচার করতে চায় দিল্লি। এছাড়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কাজে লাগাবে দিল্লি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডাকে দিয়ে সীমান্তবর্তী এলাকায় প্রচার করানোর সিদ্ধান্ত বিজেপির।

এছাড়াও বঙ্গ বিজেপির তরফ থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, বাবুল সুপ্রিয়র নাম রাখা হয়েছে। দলে তারকাদেরও নাম রাখা হয়েছে। অভিনেতা শ্রাবন্তী, যশ দাশগুপ্ত, পায়েল সরকারদের নামও রেখেছে দিল্লি। এছাড়া সদ্য তৃণমূল ত্যাগ করা শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জিকে বিধানসভা নির্বাচনে বেশি করে প্রচারে লাগানোর সিদ্ধান্ত বিজেপির। এই ৪০ জন প্রচারককে দিয়ে বিজেপির প্রচার করার কৌশল নিল দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *