আমাদের ভারত, ২৫ এপ্রিল:দেশজুড়ে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দেশের রাজধানী দিল্লি। কেন্দ্র সরকারের তথ্য বলছে, চলতি সপ্তাহের দিল্লিতে প্রতি ঘন্টায় গড়ে ১২ জনের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে।
দিল্লির করোনা পরিস্থিতি যে কতটা সাংঘাতিক তা বোঝা যাচ্ছে আরও একটি তথ্য থেকে। গত সপ্তাহে প্রতি ঘন্টায় ৫ জন আক্রান্তের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল, যা চলতি সপ্তাহের দ্বিগুণেরও বেশি হয়েছে। রবিবার দিল্লি সরকার জানিয়েছে সোম থেকে শনি বার অর্থাৎ ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে মৃত্যু হয়েছে ১৭৭৭ জন করোনা আক্রান্তের। অর্থাৎ প্রতি ঘন্টায় ১৩ জনের বেশি রোগী মারা গিয়েছেন। তার আগের সপ্তাহে অর্থাৎ ১২-১৭ এপ্রিলের মধ্যে দিল্লিতে ৬৭৭ জনের মৃত্যু হয়েছিল।
শুধু দিল্লি নয়, করোনায় মৃতের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে। দিল্লিতে নতুন সংক্রমন দ্রুত গতিতে ছড়াচ্ছে। দিল্লির হাসপাতালে শুধু শয্যার অভাব বললে ভুল বলা হবে, তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। চিকিৎসার প্রয়োজনে অক্সিজেনের হাহাকার রয়েছে। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
দিল্লিতে মৃতের সংখ্যার পাশাপাশি দৈনিক সংক্রমনের গতিও মারাত্মক। চলতি সপ্তাহে সংক্রমণের হার ২৬.১২ শতাংশ বেড়ে থেকে ৩২.৭ শতাংশ হয়েছে বলে জানা গেছে।

