গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১২ এপ্রিল: পুড়শুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে রোড শো করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিন তিনি বলেন, বাংলায় নিয়ে আসুন বিজেপি সরকারকে। মোদী জি বলেছেন, মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকরা আলু ও ফসলের দাম পায় না, এর জন্য তৃণমূল সরকার দায়ী। তিনি বলেন, “বাংলায় পাল্টানো দরকার, চাই মোদী সরকার।” তিনি বলেন, মোদী সরকার এলে বেকার যুবকদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। বিজেপি সরকার আসলে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে। পরিবারের সদস্য ছাড়াও আত্মীয় পরিজনদের বলে দেবেন, ‘ইসবার মমতা বাহার, অর বাঙ্গাল মে মোদী সরকার।’ এছাড়াও একাধিক প্রতিশ্রুতি যেটা ভোটে জেতার পর দেওয়া হবে সে সম্পর্কে এদিনের জনসভা থেকে বলে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
রবিবার হুগলির পুরশুড়ার কেলেপাড়ায় পুড়শুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে ভোটের প্রচারে আসেন রেখা গুপ্তা। তার পাশাপাশি তিনি একটি রোড শো করেন বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে। এই রোড শো কেলেপাড়া থেকে শুরু করে পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পরিক্রমা করে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিমান ঘোষ সহ মহিলাদের নিয়ে এক জনসভা করে যান। সেখানে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাড়ি থেকে মহিলাদের বেড়িয়ে আসতে দেখা যায় শুধুমাত্র দিল্লির মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। বিজেপির রোড শো ও জনসভায় পুরশুড়া জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর। রেখা গুপ্তা বলেন, তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যটাকে সিন্ডিকেটে পরিণত করেছে, এরা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। সাধারণ মানুষকে তিনি বলেন, এই সরকারকে আর প্রয়োজন নেই। বাংলায় বিজেপি সরকার চাই, আমি এখানে এসে একটা কথাই বলবো, আপনারা বিজেপি প্রার্থী বিমান ঘোষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এদিন হাজির ছিলেন আরামবাগ সংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া।

