মসজিদের মাইক খুলে ফেলার দাবি জানিয়ে কেজরিওয়ালকে চিঠি দিল্লি বিজেপির

আমাদের ভারত, ৩ মে: মাইক নিয়ে তরজা এবার পৌঁছে গেল রাজধানী দিল্লিতে। মঙ্গলবার ইদের দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি রাজ্য সভাপতি আদেশ গুপ্তা চিঠি দিয়েছেন।

সে চিঠির বক্তব্য, দিল্লির সমস্ত মসজিদ থেকে যেনো মাইক খোলার ব্যবস্থা করে দিল্লি সরকার। চিঠিতে তিনি লিখেছেন তিনি শহর ঘুরে দেখেছেন মন্দির, গির্জা, গুরুদ্বারে মসজিদের মত জোরে মাইক বাজে না। ওই চিঠিতে কেজরিওয়ালকে তিনি মাইক নিয়ে সুপ্রিম কোর্টের রায় স্মরণ করিয়ে দিয়েছেন।

বিজেপির সংসদ পরবেশ সাহিব সিং ভার্মা দিল্লির উপ রাজ্যপালের সঙ্গে দেখা করে একই দাবি জানিয়েছেন। মসজিদের মাইককে নিষিদ্ধ করার দাবি নিয়ে বেশ কিছুদিন ধরেই কয়েকটি রাজ্যের বিবাদ চলছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দাবি করেছে, ৩ মের মধ্যে রাজ্যের সমস্ত মসজিদ থেকে মাইকে খুলে নিতে হবে। আর সেটা যদি করা না হয় তাহলে দলের কর্মী-সমর্থকরাও মসজিদের সামনে দ্বিগুণ স্বরে হনুমান চাল্লিশা পাঠ করবেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তার জন্য তারা দায়ী থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলের সুপ্রিমো রাজ ঠাকরে। ফলে পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার জন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের উচ্চপর্যায়ের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

অন্যদিকে মহারাষ্ট্রের প্রতিবেশী রাজ্য কর্নাটকে মসজিদের মাইক খোলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে মহারাষ্ট্রের মতো সেখানে অশান্তি চূড়ান্ত পর্যায় এখনো যায়নি। কারণ রাজ্য সরকার বলা মাত্র অনেক মসজিদ মাইকের শব্দ সীমা কমিয়ে দিয়েছে বা খুলে নিয়েছে। এদিকে ধর্মীয় স্থানে বাড়তি মাইক নিয়ে বড় পদক্ষেপ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান থেকেই বাড়তি মাইক খুলিয়ে দিয়েছেন। আর মহারাষ্ট্রের রাজ ঠাকরে, দিল্লিতে আদেশ গুপ্তা যোগী প্রশাসনের উদাহরণ তুলে ধরেই সব রাজ্যের মাইক খোলার দাবি জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *