স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জুন:
নদিয়ার রানাঘাট থানার হবিবপুর পঞ্চায়েতের জমিদার কলোনি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের রাস্তার একাংশ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায় ৬ মাস ধরে তারা সড়ক যোগাযোগের সমস্যায় ভুগছে। সাধারণ মানুষের চলাচলের অন্য কোনও রাস্তা নেই। সরকারি রাস্তার যে কাজ হচ্ছে, সেই কাজের জন্য কর্তৃপক্ষের ঢিলেমির কারণে এলাকার মানুষের এরকম ভোগান্তি। তারা বলেন, অন্য সময় যেমন তেমন, ক্রমাগত বৃষ্টিপাতের ফলে বড় বড় গর্তগুলো ভরাট হয়ে গেছে। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষের অভিযোগ, কর্তৃপক্ষের ঢিলেমি, গাফিলতির কারণে এলাকার মানুষের দুর্ভোগ ঘটছে। অপরদিকে কর্তৃপক্ষের দাবি, বর্ষার কারণেই তাদের কাজে দেরি হচ্ছে।

আজ বেলা দুটো নাগাদ, বৃষ্টির মধ্যেই এলাকার শতাধিক বাসিন্দারা মাথায় ছাতা নিয়ে, রাস্তার কাজের ব্যবহৃত ছোটখাটো গাড়ি মূল পথের উপর রেখে বিক্ষোভ করতে থাকে। অন্যদিকে, অসমাপ্ত নতুন রাস্তায় ধান গাছের চারা লাগানো হয় প্রতিবাদের স্বরূপ হিসাবে। অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় কুড়ি মিনিট বাদে উঠে যায় বিক্ষোভ। তবে এলাকাবাসীর সাফ কথা, রাস্তা নির্মাণে গাফিলতি দেখলেই আবারও বড়সড় আন্দোলনে নামবেন তারা।


