খেলায় পরাজিত হয়ে বিজয়ী স্কুলের খেলোয়াড়দের মারধর, শান্তিপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ সেপ্টেম্বর: ফুটবল খেলাকে কেন্দ্র করে বিজয়ী দলের খেলোয়াড়দের মারধর করায় তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। প্রতিবাদে স্কুলের সামনে পথ অবরোধ করে দোষীদের শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। শান্তিপুর থানার বাগ আঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগআঁচড়া উচ্চ বিদ্যালয় এবং এম এন উচ্চ বিদ্যালয়ের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিলো সোমবার। গতকালই তিন ছাত্রী সহ ২ ছাত্রকে গুরুতর মারধরের অভিযোগ করা হয় শান্তিপুর থানায়। কিন্তু পুলিশি ভূমিকায় সন্তুষ্ট না হওয়ায় বাগ আঁচড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুঘন্টা টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অবরোধ তুলে নেওয়ার কথা বললেও তারা অবরোধ তোলেনি। এই ঘটনায় বাগআঁচড়া বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এম এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদাসীনতাকে দায়ী করেছেন।

প্রসঙ্গত শান্তিপুর সূত্রাগর এমএন হাই স্কুলের ১৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে কয়েক দিন ধরেই ফুটবল খেলা চলছিল। এলাকার অন্যান্য স্কুলের ছাত্রদের নিয়ে চলছিল ফাইনাল খেলা। সেখানে সূত্রাগর এমএন হাইস্কুল ও বাগআঁচড়া হাই স্কুলের মধ্যে খেলা হয়। এমএন হাইস্কুল এক গোলে পরাজিত হওয়ার পর বিজয়ী খেলোয়াড়ের উপর চড়াও হয় মাঠেই। পরে বাড়ি ফেরার পথে বাগআঁচড়া স্কুলের ছাত্রদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে এম এন হাইস্কুলের ছাত্রদের বিরুদ্ধে। মারধর করে ছাত্রদের। গুরুতর জখম একজন ছাত্র ভর্তি হয় শান্তিপুর হাসপাতালে।

বাগ আঁচড়া বিদ্যালয়ের আক্রান্ত ছাত্র সোমনাথ হালদার জানায়, “সোমবার এমএন হাই স্কুল এবং আমাদের স্কুলের মধ্যে ফুটবল খেলার ফাইনাল ছিল। আমরা এক গোলে জিতে যাওয়ায় মাঠের মধ্যে ওরা আমাদের মারধর করে। এরপর আমরা মাঠ থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় জয় নিতাই মোড়ে ওরা আমাকে ইঁট দিয়ে মাথায় মারে। আমার সাথে থাকা আরো ৪-৫ জনকে ওরা মারধর করে। মেয়েদেরও ওরা ছাড়েনি। আমরা থানায় অভিযোগ জানিয়েছি”।

বাগ আঁচড়া হাই স্কুলের টিচার ইনচার্জ দীপঙ্কর চ্যাটার্জি জানান, “আমি শিক্ষক হিসেবে লজ্জিত যে শিক্ষা প্রতিষ্ঠানে থেকে আমাদের এই ধরনের ঘটনার মুখাপেক্ষী হতে হবে। ফাইনাল খেলায় আমরা এমএন হাই স্কুলকে ১-০ গোলে হারিয়েছি। কিন্তু আজকে খেলা শেষের বাঁশি পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের এক খেলোয়াড়কে তাদের এক খেলোয়াড় ওদের প্রধান শিক্ষকের সামনে মারধর করে। শুধু তাই নয় আমাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয়। তারপর আমাদের ছেলেরা যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে তখন এমএন হাই স্কুলের ছেলেরা জয় নিতাই মোরে আমাদের ছেলেদেরকে বেধড়ক মারধর করে। একাধিক ছাত্র বাগ আঁচড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে। শুধু তাই নয়, মেয়েদের গায়েও ওরা হাত দেয়। মেয়েদেরও মারধর করা হয়। যেসব ছাত্ররা এই ঘটনায় জড়িত তাদের ছবি আমাদের কাছে আছে। আমরা পুলিশ প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি।”

যদিও এমএন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, যে ঘটনা ঘটেছে তা বহিরাদগতদের কাজ হতে পারে, বিদ্যালয়ের কোনও ছাত্র এর সাথে যুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *