জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ এপ্রিল: রবিবার সকালে শালবনি ব্লকের বিষ্ণুপুর এলাকায় আহত একটি হরিণকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। দু’নম্বর বিষ্ণুপুর অঞ্চলের খুদিমারির মাঠে সকাল ছ’টা নাগাদ গ্রামবাসীরা আহত অবস্থায় একটি হরিণকে পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেন। বনদপ্তরের আধিকারিকরা আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ৬টা নাগাদ হরিণটি খুদিমারির জঙ্গল থেকে বের হওয়ার পর কয়েকটি কুকুর আক্রমণ করে। কুকুরের কামড়ে হরিণটি আহত হয়। জখম হরিণটি দেখতে মাঠে এলাকাবাসীরা ভিড় জমান। বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা হরিণটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু।
মেদিনীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, হরিণটি সুস্থ রয়েছে দুই-একদিনের মধ্যেই ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

