চোখ রাঙাচ্ছে ইয়াস! হাওড়ায় প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত

আমাদের ভারত, হাওড়া, ২১ মে: করোনা সংক্রমণের মাঝেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ইয়াস। গতবছরের আমফান ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে এবার আগে থেকেই সব রকম প্রস্তুতি নিল প্রশাসন।

শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার একাধিক ব্লকে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এদিন আমতা ২ নং ব্লকের বৈঠকে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, বাগনান ১ নং ব্লকের বৈঠকে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন ও বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া ২ নং ব্লকের বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি।

প্রশাসন সূত্রে খবর, এদিনের এই বৈঠকে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পঞ্চায়েতের বিদ্যালয়গুলিকে প্রস্তুত রাখতে বলা হয়েছে যাতে ঘূর্ণিঝড়ের আগে কাঁচা মাটির বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে বিদ্যালয় নিয়ে যাওয়া যায়। এদিনের এই বৈঠকে বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য সহ একাধিক দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জমি থেকে ধান কেটে নেওয়ার জন্য মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর ঘূর্ণিঝড় যেখানেই আঘাত হানুক না কেন ঘূর্ণিঝড় মোকাবিলায় সবাই প্রস্তুত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *