আমাদের ভারত, শিলিগুড়ি, ৯ আগস্ট: শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় প্রশাসক মন্ডলী নিয়োগ করা হয়েছে। কিন্তু বোরোগুলিতে কোনও চেয়ারম্যান নেই। তাই কাউন্সিলর না থাকায় বোরো আধিকারিকরাই এখন দায়িত্বে রয়েছেন। তারাই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধান করছেন। কিন্তু তাদের পদটি অস্থায়ী ছিল এতদিন। এবার এই পদটিকে স্থায়ী করার উদ্যোগ নেওয়া হল। পাশাপাশি শুন্যপদেও নিয়োগ করার চিন্তাভাবনা শুরু করল পুরনিগম।
সোমবার শিলিগুড়ি পুরনিগমে পরিকাঠামো উন্নয়নের একটি বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক বৈদ এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, সচিব শুভঙ্কর রায় সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠক শেষে চেয়ারম্যান গৌতম দেব বলেন, বোরো আধিকারিকরা প্রচুর কাজ করেন। তাই তাদের পদটিকে স্থায়ীকরণ করা হবে। ইতিমধ্যেই বিষয়টি কলকাতায় জানানো হয়েছে। এটার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তাও পাঠানো হয়েছে। এছাড়া শুন্যপদ নিয়েও কলকাতায় গিয়ে বৈঠক করেছি বেশ কয়েকবার। আশাকরি খুব দ্রুত আমাদের এই কাজ হয়ে যাবে।

তিনি আরও বলেন, শিলিগুড়িকে জঞ্জালমুক্ত করে পরিষ্কার রাখতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের জঞ্জাল সাফাইয়ের যে
গাড়িগুলি রয়েছে তার পাশাপাশি আরও বেশকিছু গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে যাতে সাফাইয়ের কাজ ভালোভাবে করা যায়। তার আরও বক্তব্য পুজোর আগে শহরকে অত্যাধুনিক লাইট দিয়ে সাজানো হবে।
জানাগেছে, এই প্রকল্পের জন্য পুর ও নগর উন্নয়ন দফতর থেকে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের এলাকার রাস্তাগুলি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯ কোটি টাকা। এছাড়াও শিলিগুড়ি পুরনিগমের অধীনে পার্ক গুলিকে সৌন্দর্যের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।

