আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ জানুয়ারি: হলদিয়ার নয়াচরের মৎস্যচাষীরা ঋণে জর্জরিত হয়ে সরকারি বাধায় ভেড়ি সংস্কার করে মাছ চাষ করতে না পেরে স্বেচ্ছামৃত্যুর আবেদন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এর কাছে।
সম্প্রতি ইয়াস ও আম্ফান ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুরের নয়াচরে মাছের ভেড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাছের ভেড়ির সংস্কারে বাধার অভিযোগ। ঝড়ের সময় নদীর প্লাবনে ভেড়ি নষ্ট হয়ে মাছ চাষে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্যজীবীরা। ফলে মাছ চাষের জন্য নেওয়া মহাজনী ঋণের জালে ধরাশায়ী হয়ে গেছে মৎস্য চাষিরা। মহাজনের থেকে নেওয়া লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে পরিশোধ করতে পারেনি। একদিকে মহাজনী ঋণের বোঝা তার উপর যন্ত্রচালিত মেশিন দ্বারা ভেড়ি খনন করতে গেলে পুলিশ প্রশাসনের বাধা ও জোর-জুলুমের ফলে মাছ চাষ বন্ধ হয়ে গেছে। মাছ চাষ না করতে পেরে দিশেহারা হয়ে যাচ্ছে চাষিরা, রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। সংসার চালাতে তারা আর পারছে না। নয়াচরে মাছ চাষ ছাড়া অন্য কোন আই এর উপায় নেই বাঁচবার জন্য। কোনও কিছুরই উপায়ন্তর না পেয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে জেলা শাসকের কাছে দেখা করলেন মৎস্য চাষিরা। তারা লিখিতভাবে জেলাশাসককে জানান- হয় তাদের সত্বর মাছ চাষের জন্য সহযোগিতা করুক অন্যথায় তাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

