পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের মধ্যে বনসৃজনে আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে গাছের চারা বিতরণ ডেবরা পঞ্চায়েত সমিতির

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে বনসৃজনে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে গাছের চারা বিতরণ করবার উদ্যোগ নিল ডেবরা পঞ্চায়েত সমিতি। জুলাই মাস ধরে ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় চিরা গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে পঞ্চায়েত সমিতি। রবিবার সকালে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডেবরা বাজার সংলগ্ন এলাকায় এই চারা গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের ব্যবস্থাপনায় এবং বনদপ্তরের সহযোগিতায় এদিন পথচলতি সাধারণ মানুষ এবং স্থানীয়দের হাতে পাঁচ হাজারেরও বেশি বিভিন্ন প্রকার গাছের চারা তুলে দেওয়া হয়। চারা গাছ বিতরণকে কেন্দ্র করে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবির, বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর, কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, ডেবরা থানার ওসি প্রণব পাত্র সহ অন্যান্যরা।

মন্ত্রী ডঃ হুমায়ুন কবির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং পৃথিবীর প্রাণীকূলকে বাঁচাতে সারা বছর ধরে বনসৃজন করবার কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পৃথিবীর প্রাণীকুলকে বাঁচাতে পারে একমাত্র গাছ। আমরা বিভিন্ন কারণে নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভেবে অনেক সময় গাছ কেটে ফেলছি। আমাদের তার দ্বিগুন পরিমাণ গাছ লাগিয়ে আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতা বাড়াতে, বনসৃজনে আগ্রহ বাড়াতে গোটা জুলাই মাস ধরে আমরা জেলার বিভিন্ন প্রান্তে চারা গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। তাতে বিপুল সংখ্যক মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। আগামী দিনেও এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে বলে তিনি জানান।

চারাগাছ বিতরণের পাশাপাশি এদিন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনদপ্তরের আধিকারিক প্রদীপ কুমার গিরি, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া, ডেবরা থানার ওসি প্রণব পাত্র, সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া, জেলা পরিষদের সদস্যা মুনমুন সেন মন্ডল, রেখা হুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *