সাইকেলে করে গ্রামে গ্রামে পথে ঘুরে জনসংযোগ করলেন ডেবরার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রবিবার বিকালে নিজে সাইকেলে করে বিভিন্ন গ্রামের পথে ঘুরলেন ডেবরার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর৷ শুনলেন মানুষের অভাব অভিযোগ৷ অংশ নিলেন-‘চলো গ্রামে যাই’-কর্মসূচিতে৷

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ‘চলো গ্রামে যাই’ তৃণমূলের কর্মসূচিতে অংশ নেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। ছিলেন ব্লক সভাপতি বিবেকানন্দ মুখার্জি সহ অন্যান্যরা। এদিন সাইকেল চালিয়ে হৈপথ, হাসিমপুর সহ পরপর বেশ কয়েকটি গ্ৰামে গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলেন হুমায়ুন কবীর। আগামীতে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করেন। তাঁকে ঘিরে সরকারি প্রকল্পে বাড়ি, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা সহ নানা সরকারি সুবিধা না পাওয়ার নানা অভাব অভিযোগ শোনান এলাকাবাসীরা। তবে সরকারি সুবিধা পাওয়ার পথও বাতলে দেন তিনি।পাড়াতে পাড়াতে ঘুরে সকলের সাথে কথা বলে ভেতরে লুকিয়ে থাকা ক্ষোভেরও আঁচ করে নেন। পাড়ার ভেতরে সাইকেলে করে ঘোরার সময়ে চকোলেট বিলি করলেন বিভিন্ন মোড়ে মোড়ে৷


 
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জোর দিতে জনপ্রতিনিধিদের এলাকায় যাওয়ার নির্দেশ দেন তৃণমূল রাজ্য নেতৃত্ব। এরই মাঝে ডেবরাতে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন হয়েছিল সম্প্রতি৷ সেই বৈঠকে ডেবরা বিধানসভার বিভিন্ন প্রান্তের আধিকারিক, এসডিও, বিডিও, জনপ্রতিনিধি সকলে উপস্থিত ছিলেন। ছিলেন জেলা শাসক আয়েশা রানি, বিধায়ক হুমায়ুন কবির৷ সেখানে সকলের উপস্থিতিতে জেলা শাসককে হুমায়ুন কবির বলেছিলেন, “এসডিও-বিডিওদের গদি চেয়ার, এসিরুম ছাড়িয়ে কাঠের চেয়ার দিতে হবে, তাহলে মানুষের সাথে দেখা করতে বাইরে যাবেন তাঁরা৷”

তাঁর এই নিদান নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরী হয়েছিল। তারপর রবিবার বিকেলে জনসংযোগে বেরিয়ে সাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘুরলেন তিনি। এক তৃণমূল নেতা বলেন, সাইকেলে হলে মানুষের অনেক কাছে যাওয়া যায়। মানুষজনও এগিয়ে আসেন। মাঝে মাঝে জনসংযোগে সাইকেল নিয়ে বেরোনো ভালো।  তবে হুমায়ুন কবির বলেন, “সব স্থানে চারচাকা প্রবেশ করবে না ৷ কিন্তু মানুষের কাছে আমাকে পৌঁছাতে হবে৷ তাই সাইকেলে করেই বেরিয়েছি৷ আমার বিধানসভার যেখানেই প্রয়োজন হবে আমি সাইকেলে করেই বেরবো। মানুষের চাওয়া পাওয়ার খোঁজ করতেই বেরিয়েছি। তবে এর সাথে ভোটের সম্পর্ক নেই৷ কারণ ভোটের এখনও অনেক সময় বাকি৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *