জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ আগস্ট:
মঙ্গলবার ডেবরা ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্যে ও জোতনারায়ণ মহাপ্রভু ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবির আয়োজিত হয়েছিল জোতনারায়ণ মহাপ্রভু ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, সমাজসেবী অমূল্য মাইতি, তন্ময় দাস ও অন্যান্য অতিথিরা।
রক্তদান শিবির মঞ্চে শাসকদলকে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, “পুরোনো দলের(তৃণমূল) কর্মীরা এখনও রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেনি”। তাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “ভোটের সময় রাজনীতি করুন। আর ভোট শেষ হয়ে গেলে জনগণের জন্য কাজ করুন”। সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, “আমাদের আরাধ্য দেবীর নাম হচ্ছে ‘ভারত মাতা’। আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। যিনি বিনামূল্যে ভ্যাক্সিন দিচ্ছেন। আর এরা ‘কুপন’ দিয়ে দলবাজি করছে”।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যাতে দেশটি আফগানিস্তান না হয়ে যায়, তালিবান না ঢুকে পড়ে, প্লেনের চাকা ধরে ঝুলে আমাদের পালাতে না হয় বা আমাদের ধর্ম পরিবর্তন করতে না হয় তার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমস্ত দেশ বিরোধী শক্তিকে ধ্বংস করবো”।

