‘খোলা জায়গায় দৃষ্টিকটু অবস্থায় দেখলেই বিয়ে দিয়ে দেব’, ভালবাসার দিনে শহর জুড়ে লিফলেট ঘিরে বিতর্ক

রাজেন রায়, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডের দিন মুম্বইয়ে বজরং দলের দাদাগিরির খবর শুনেছেন অনেকেই। কিন্তু সেই দাদাগিরির প্রমাণ এবার সব পেরিয়ে এই রাজ্যেও দেখা গেল। বিতর্কের মূল কেন্দ্রে একটি লিফলেট, যদিও সেটি ভুয়ো বলে দাবি করেছেন বিজেপি নেতারা।

রবিবার ছিল পশ্চিমী সংস্কৃতি অনুযায়ী ভালবাসার দিন, আর আগামী পরশু সরস্বতী পুজো, বাঙালির ‘ভ্যালেন্টাইন ডে’ যাকে বলে আর কী! ভালবাসার মরসুমে এখন উষ্ণতার আমেজ। কিন্তু তাতে অন্য মাত্রা দিল একটা ছোট্ট লিফলেট।

কি লেখা রয়েছে সেই লিফলেটে? ওই কাগজটিতে সতর্কীকরণ দিয়ে বলা হয়েছে, ভালবাসার দিনে খোলা জায়গায় কোনও যুগলকে যাতে দেখতে না পাওয়া যায়। দৃষ্টিকটু অবস্থায় দেখা গেলেই তাদের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা হবে, প্রয়োজনে বিয়ের ব্যবস্থাও করা হবে। ‘ভ্যালেন্টাইন ডে’র সকালে শহরের বিভিন্ন জায়গায় পড়ল লিফলেট! আর তাতে একটি নির্দিষ্ট ‘বজরং দল’-এর নাম। স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভালবাসার পাশাপাশি চড়ল রাজনীতির পারদও।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, “বাকরুদ্ধ। লোকজন পাল্টে যাচ্ছে। মানসিকতা পাল্টে যাচ্ছে। দাদাগিরি একই আছে। দাদাগিরি আগে ছিল না এমন নয়, দাদাগিরি ভবিষ্যতে থাকবে না, এমনও নয়। কিন্তু দাদাগিরির অস্ত্র পাল্টে যাচ্ছে। এ সব দেখে বিরক্ত হচ্ছি।” অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় বলেন, ‘এত সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে চারিপাশে সেখানে এই ঘটনা খুবই অকিঞ্চিৎকর। এই ধরনের দল এ রকম মন্তব্য, ভয় আগেও দেখিয়েছে। এ নিয়ে মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই। এটাকে ইগনোর করাই ভাল। সারা পৃথিবীটাই ভালবাসার। তাই এই নিয়ে আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না।’

এদিকে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সৌরিস মুখোপাধ্যায় বলছেন, “লিফলেটটা না দেখে কিছু বলা ঠিক হবে না। কারা এটা করল, তা তদন্ত করে দেখা হবে। তবে আমরা এসবের পরিপন্থী ঠিকই, তবে এই ধরনের কিছু করার কথা ভাবনা চিন্তা করা হয়নি। এই ধরনের লিফলেট কারা দিল, দেখতে হবে।” অন্যদিকে, বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “এটা সম্পূর্ণ ফেক। আমাদের বদনাম করতে তৃণমূলের ছেলেপুলেরা এসব করেছে। আমরা এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *