রাজেন রায়, কলকাতা, ২৭ জুন: শুধুমাত্র সাধারণ মানুষকে নয়, একের পর এক সরকারি অফিসকে বোকা বানিয়ে জালিয়াতি করেছে কসবার ভুয়োটিকা কান্ডে অভিযুক্ত দেবাঞ্জন। নিজের কর্মীদের সে বেতন দিত ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কর্পোরেশন নামে একটি কোম্পানির অ্যাকাউন্ট থেকে।
এবার দেবাঞ্জনের ব্যাঙ্ক লেনদেন নিয়ে তৈরি হয়েছে রহস্য। ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে তার নামে।
দেবাঞ্জন দেবের কসবার অফিসের কর্মীরা এক-এক জন ২৫-৩৫ হাজার টাকা বেতন পেতেন। সেই কর্মীদের অ্যাকাউন্টে বেতনের টাকা ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প থেকে ক্রেডিট হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প একটি সরকারি সংস্থা।
প্রশ্ন উঠছে, ফিনকর্প একটি সরকারি সংস্থা, সেখান থেকে দেবাঞ্জন কীভাবে কর্মীদের বেতন দিতেন? তদন্তে আরও জানা গিয়েছে, কলকাতা পুরসভার সমান্তরাল একটি অফিস কসবাতে খুলে বসেছিলেন দেবাঞ্জন দেব। খুলেছিলেন ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টও। ভুয়ো নিয়োগপত্র দিয়ে কর্মীদের নিয়োগ করেছিলেন। প্রত্যেক মাসের বেতনের ক্ষেত্রে যে লেনদেন হয়েছিল, তার নথি তদন্তকারীদের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প অ্যাকাউন্ট থেকে কর্মীদের বেতন বাবদ টাকা দিতেন দেবাঞ্জন। বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে এই আর্থিক লেনদেন হয়েছিল। একইসঙ্গে এই কাণ্ডে এবার ১০ জনকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছেন লালবাজারের গোয়েন্দারা।

