আমাদের ভারত, ৮ এপ্রিল: বর্ষীয়ান আলোকচিত্রী সুনীল দত্ত শনিবার প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রচারিত মুখ্যমন্ত্রীর শোকবার্তায় লেখা হয়েছে, “বিশিষ্ট আলোকচিত্রী সুনীল কুমার দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী সুনীলবাবুর মাদার টেরিজার জীবনের নানা দিক নিয়ে তোলা আলোকচিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া, কলকাতা, শান্তিনিকেতন ইত্যাদি বিষয়ে তিনি অসামান্য কাজ করে গেছেন।
তাঁর আলোকচিত্র বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ Mother Teresa – Down Memory Lane, Kolkata Canvas, রবির আলোয় আলোকচিত্র, দুর্গাপূজা, শান্তিনিকেতন ইত্যাদি। তিনি ক্রিস্টোফার অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
সুনীল কুমার দত্তের প্রয়াণে ফটোগ্রাফি জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুনীল কুমার দত্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

