জলে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকের ছায়া বাঁকুড়ার কালিদাসপুর কোলিয়ারিতে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ আগস্ট: কাকার সাথে পুকুরে মোটর বাইক ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। এই ঘটনায় গোটা কালিদাসপুর কোলিয়ারিতে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে বাঁকুড়ার মেজিয়া থানার কালিদাসপুর কোলিয়ারিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শিশু দুটির নাম আনমোল হাজম (৭) ও অনশিতা শর্মা (৯)। এই মর্মান্তিক ঘটনায় শোকে পাথর হয়ে গেছেন মৃত আনমোলের কাকা মনু হাজম। তিনি কথা বলার মত অবস্থায় নেই।

স্থানীয সূত্রে জানা গেছে, মনু হাজমের দাদা কালিদাসপুর কোলিয়ারির কর্মী। সেই সূত্রে তার দাদা এখানের কোলিয়ারি আবাসনের বাসিন্দা। দাদার সাথে কোয়ার্টারেই থাকেন তিনি। মনু হাজমের শখ দাদার দু চাকার বাইকটিকে সবসময় ঝকঝকে রাখার। আবাসনের পাশেই মোহনা গ্রাম। আবাসন এবং মোহনার মাঝখানে একটি বড় বাঁধ রয়েছে। বাঁধটি বর্ষার জলে কানায় কানায় পূর্ণ। ওই বাঁধের জলে বাইক ধোয়ার জন্য এদিন সকাল ৯ টা নাগাদ বাইক বের করতেই তার ভাইপো আনমোল তার সাথে যাবার জন্য বায়না ধরে। তখন আনমোল প্রতিবেশী বাসিন্দাদের ছেলেমেয়েদের সাথে খেলা করছিল। আনমোলকে কাকার সাথে যেতে দেখে আরো ৩ জন শিশু তাদের সঙ্গ নেয়।

বাঁধের একটি ঘাটে বাইক দাঁড় করিয়ে ধুতে থাকে মনু হাজম। বাইক ধুতে তিনি এতই মগ্ন ছিলেন যে খেয়াল করেননি তাঁর ভাইপো সহ ৪ শিশু জলে নেমে জল ছোড়াছুড়ি করছে। তারপর কখন যে তারা ডুবে গেছে সেদিকে খেয়াল ছিল না। হুঁশ ফেরে একটি শিশুর কান্নার আওয়াজ শুনে। ওই অবস্থায় তিনি ৪ জনকেই জল থেকে ডাঙায় তোলেন। তাদের সকলকেই মেজিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসক শিশু আনমোল ও অনশিতাকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *