আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ নভেম্বর: জলপাইগুড়ি শহর ও শহরতলীর এলাকায় বাঁদরের উপদ্রব চললেও বনদফতর উদাসীন বলে অভিযোগ। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি বাদরের৷ পশু হাসপাতাল ও বনদফতরের সাহায্য না পেয়ে মারা গেল বাঁদর অভিযোগ এলাকাবাসীর।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া আসামমোড়ে বিদ্যুতের তারে লেগে একটি বাঁদর রাস্তায় পড়ে যায়। এরপর আহত অবস্থায় স্থানীয়রা বাঁদরটিকে উদ্ধার করে জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগে নিয়ে আসে। কিন্তু তারা বনদফতরের কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ। এরপর পশু হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বাঁদরের চিকিৎসা করার প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে অভিযোগ। এরপর বাঁদরটিকে হামিকপাড়া ফরেস্টের আর এক অফিসে নিয়ে যাবার কথা বলা হয়। কিন্তু সেখানেও কোনও চিকিৎসার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। উদ্ধারকারীদের হাতের ওপরে প্রাণ যায় বাঁদরের।
বাঁদর উদ্ধারকারী অসীম সরকারের অভিযোগ, আমরা বাঁদরটিকে বাঁচানোর জন্য এগিয়ে এলেও বনবিভাগের কোনও সাহায্য পেলাম না। এই কারণেই এভাবে বেঘোরে প্রাণ গেল বাঁদরের। এদিকে গরুমারা বন্যপ্রাণী বিভাগ সুত্রে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

