জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ নভেম্বর: মেদিনীপুর স্টেশনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্বকর্মা মাহাতো নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটা নাগাদ মেদিনীপুর স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।
জানাগেছে, মেদিনীপুর স্টেশনের আধুনিকীকরণ সহ একটি নতুন ফুটওভার ব্রিজের কাজ চলছে। সেখানে বিভিন্ন ঠিকাদারের অধীনে নানা রাজ্য ও জেলার শ্রমিকরা কাজ করছেন। সোমবার দুপুরে ফুটওভার ব্রিজের উপর ধাতব ফিতে দিয়ে মাপজোক করার সময় কোনও রকমে বিদ্যুতের সংস্পর্শে চলে আসলে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রিজের উপর থেকে ছিটকে রেললাইনের উপর পড়ে যান।
বছর তিরিশের এই মৃত শ্রমিক বিশ্বকর্মা মাহাতোর বাড়ি বিহারের ছাপরা জেলায় বলে জানা গেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেললাইনের উপর পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রেলের নিরাপত্তাহীনতার কারণে শ্রমিকের এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে যাত্রীরা এবং স্থানীয়রা মেদিনীপুর স্টেশন বিক্ষোভ দেখান।

