বিদ্যুস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে, পানাগড় শিল্পতালুকে কারখানার গেটে মৃতদেহ রেখে বিক্ষোভ 

জয় লাহা, দুর্গাপুর, ১৭ আগস্ট: কারখানায় কর্মরত অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু হল এক শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে মৃতদেহ রেখে বিক্ষোভ শ্রমিকদের। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল বুদবুদের পানাগড় শিল্পতালুকে।

পুলিস সুত্রে জানাগেছে, মৃত শ্রমিকের নাম সেখ আলাউদ্দিন (৩৫)। তাঁর বাড়ি আউশগ্রাম থানার শোলাগড় এলাকায়।

ঘটনায় জানা গিয়েছে, পানাগড় শিল্পতালুকের বেসরকারি একটি স্পিরিট কারখানায় কাজ করতেন ওই শ্রমিক। অন্যান্য দিনের মত এদিন কাজ করার সময় আচমকা বৃষ্টি নামে। কারখানায় অসংলগ্ন হয়ে পড়ে থাকা বিদ্যুতের তারে আচমকা বিদ্যুৎ স্পৃষ্ট  হয় সেখ আলাউদ্দিন। তড়িঘড়ি তাঁকে মানকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। মৃতদেহ কারখানার গেটে রেখে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, সকালে কর্তৃপক্ষকে বলা হয়েছিল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়টি। কিন্তু কোনওরকম গুরুত্ব দেয়নি। যার মাশুল দিতে হল এক শ্রমিককে। কারখানায় শ্রমিকদের সুরক্ষা সেভাবে নেই।” তাদের দাবি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। শেষ পর্যন্ত ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে বিক্ষোভ তোলে শ্রমিকরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *