আমাদের ভারত, ১৭ আগস্ট: জালিয়াতি ও প্রতারণার অপরাধ রুখতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।বায়োমেট্রিক যাচাই এবং পুলিশি যাচাই না হলে এবার আর সিম কার্ড বিক্রি করতে পারবেন না বিক্রেতারা। বৃহস্পতিবার থেকে সিম কার্ড বিক্রেতাদের বায়োমেট্রিক এবং পুলিশি যাচাই করণ বাধ্যতামূলক করলো কেন্দ্র সরকার। একইসঙ্গে একই সময় বিপুল পরিমাণে সিম কার্ড সংযোগ দেওয়াও নিষিদ্ধ করা হলো।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী বলেছেন, জালিয়াতি রোধ করতে আমরা সিম কার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছি। এই নিয়ম না মানলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া সিমকার্ড ব্যবসায়ীদের এবং যারা সিম কিনছেন তাদের কেওয়াইসি করাতে হবে। বাল্কে সিম সংযোগ দেওয়া অর্থাৎ একসঙ্গে অনেকগুলি সিম কার্ড সংযোগ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “সিম বক্স বলে একটা জিনিস আছে, এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কল করা যায়। এখন প্রতারকরা অন্তত পাঁচটি সিম নেয়। একটি সিম ব্যবহার করে সেটিকে নিষ্ক্রিয় করে দেয় এবং অন্য ব্যাচের আরেকটি সিম ব্যবহার করে। এভাবে তারা প্রতারণামূলক ফোন কল করে থাকে। তিনি বলেন, “বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার পর বাল্ক সংযোগ ব্যবস্থা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ব্যবসায়িক সংযোগের জন্য একটি ব্যবস্থা চালু করা হবে। যদি কোনো সংস্থা ৪০০০টি সিম নেয়, তাহলে যে কর্মচারীরা সেই সিমগুলি ব্যবহার করবেন, তাদের সকলের কেওয়াইসি করাতে হবে।
অশ্বিনী বৈষ্ণবের মতে সিম সংযোগ দেওয়ার সময় যে যে বিষয়গুলি খতিয়ে দেখার আইন রয়েছে তা মানে না সিম কার্ড ডিলাররা। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকমে যাচাই করণ প্রক্রিয়া সেরে সিম বিক্রি করেন তারা। এখন থেকে আর তা করা চলবে না। ডিলারদের পুলিশ ভেরিফিকেশন এবং তাদের নাম নিবন্ধন করা বাধ্যতামূলক করা হচ্ছে। জালিয়াতি করে সিম বিক্রি করলেই জবাবদিহি করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পুলিশ এবং টেলিকম শিল্পের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ছোট্ট সংস্কারের ফলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী। এর ফলে চুরি যাওয়া মোবাইল ফোন ব্লক করা, সেগুলিকে ট্র্যাক করা সহজ হবে। গত মাসে সঞ্চার সাথী নামে একটি পোর্টাল চালু করেছিল কেন্দ্র। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই পোর্টাল চালু হবার পর থেকে ৬৭ হাজার সিম কার্ড ডিলারকে কালো তালিকা ভুক্ত করা হয়েছে। ৫২ লক্ষ জাল মোবাইল সংযোগ নিষ্ক্রীয় করা হয়েছে।

