পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ অক্টোবর: রাতের অন্ধকারে ঠিকাদারের কারসাজি ভেস্তে দিল গ্রামবাসীরা। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কুমারগঞ্জের সৈয়দপুর এলাকায়। পিচ বোঝাই একাধিক গাড়ির টায়ারের হাওয়া ছেড়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। প্রতিবাদ জানানো হয় ঠিকাদারের গোপন কারসাজি নিয়েও। রাস্তার কাজ শেষ না হতেই কেন পিচ বোঝাই একাধিক ড্রাম রাতের অন্ধকারে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তারই প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও এই ঘটনা নিয়ে চুরির অভিযোগ তুলেছেন কাজে নিযুক্ত ঠিকাদার। তার অভিযোগ, গঙ্গারামপুরের এক ঠিকাদার সাগর ঘোষ তার দলবল দিয়েই এই ঘটনা ঘটিয়েছে। যা নিয়ে আইনের দ্বারস্থ হচ্ছেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জানা যায়, কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের প্রায় ৫৪ লক্ষ টাকা বরাদ্দে সিউই থেকে কৈতারা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়। দীর্ঘ একমাস ধরে চলছিল সেই রাস্তা রিপেয়ারিংয়ের কাজ। শনিবার রাতে সেখান থেকেই তিনটি গাড়িতে করে পিচ বোঝাই ড্রামগুলি নিয়ে যেতে উদ্যত হয় দুষ্কৃতিরা। যদিও গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদারের কারসাজিতেই রাতের অন্ধকারে চলছিল এই কাজ। যে ঘটনার খবর পেয়ে সৈয়দপুর গ্রামের লোকেরা একত্রিতভাবে আটকে দেয় পিচের ড্রাম বোঝাই গাড়িগুলি। পরিস্থিতি বেগতিক বুঝে বেশ কয়েকজন দুষ্কৃতি সেখান থেকে পালিয়েও যায়। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াতেই এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে পতিরাম থানার বিরাট পুলিশ বাহিনী।

বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ শেষ না করেই ঠিকাদার রাতের অন্ধকারে পিচের ড্রামগুলি অন্যত্র সরিয়ে দিয়ে গ্রামবাসীদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনতে চেয়েছিলেন। কিন্তু হাতেনাতে পাকড়াও হতেই উলটো সুর গাইছেন নবীন ঝাঁ নামে কাজে নিযুক্ত ওই ঠিকাদার বলেও অভিযোগ। ঘটনা নিয়ে পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে ওই দুষ্কৃতিদের পাকড়াও করবার পরেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
যদিও পতিরাম থানার ওসি সৎকার সাংবোর দাবি, ধৃত ব্যক্তিরা সকলেই রাস্তার কাজে নিযুক্ত ঠিকা শ্রমিক ছিলেন। রবিবার সকাল থেকেও এই ঘটনা নিয়ে তুমুল উত্তপ্ত হয়ে ওঠে সৈয়দপুর এলাকা। কাজে নিযুক্ত ঠিকাদার কেন বোর্ড ও সিডিউল না ঝুলিয়ে এলাকায় কাজ করছেন তা নিয়েও প্রশ্ন তুলে সরব হয়েছেন বাসিন্দারা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ঠিকাদার নবীন ঝাঁয়ের দাবি, সাগর ঘোষ নামে গঙ্গারামপুরের এক ঠিকাদার রাতের অন্ধকারে তার পিচ বোঝাই ড্রামগুলি চুরি করে নিয়ে যাচ্ছিলেন অন্যত্র। যার বিরুদ্ধে তিনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন।
চন্দন চৌধুরী, উজ্জ্বল মহন্ত ও লাভলি বর্মন নামে তিন গ্রামবাসী বলেন, সিডিউল অনুযায়ী তারা রাস্তার কাজ বুঝে নেবেন। কে পিচ চুরি করছিল তা তাদের জানবার বিষয় নয়। রাতের অন্ধকারে চুরির খবর পেয়ে তারা গাড়ি আটকে রেখে দিয়েছেন। তবে এই ঘটনার পিছনে ঠিকাদারের যে কারসাজি রয়েছে তা সকলেই বুঝতে পারছেন।
ঠিকাদার নবীন ঝাঁ বলেন, তার জিনিস তিনি কেন চুরি করতে যাবেন। ঘটনার পিছনে জড়িতদের কড়া শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।

