কোন্নগরের বাসিন্দা নিট পরীক্ষার্থী ছাত্রের দেহ উদ্ধার আজ সকালে, এক ছাত্রীর যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ

আমাদের ভারত, হুগলী, ১১ সেপ্টেম্বর: কোন্নগরের বাসিন্দা নিখোঁজ নিট পরীক্ষার্থী ছাত্রের দেহ উদ্ধার হল আজ সকালে। উত্তরপাড়ার শিবতলা গঙ্গার ঘাট থেকে দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে নিয়ে যায় উত্তরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া কোন্নগরের বিদিশা হাউসিং এলাকায়। ঘটনায় হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা এক তরুণীর কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

নিট পরীক্ষার এ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে মঙ্গলবার রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় অভীক মন্ডল নামে ওই ছাত্র। সেদিন রাতেই তাঁর সাইকেল উদ্ধার হয় জি টি রোডে। আজ ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। ওই ছাত্র আত্মহত্যা করেছে, নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার অভীকের মা ঝর্ণা মন্ডল জানিয়েছিলেন গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি সে। অভিকের বাবা কলকাতা পুলিশে কর্মরত। আগামী রবিবার কলকাতার মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা ছিল অভিকের, কিন্তু তাঁর হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হয়। মঙ্গলবারই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে অভিকের পরিবার।

এই ঘটনায় হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা এক তরুণীর সোসাল সাইটে চ্যাট এর সুত্রে কয়েকটি মন্তব্য পুলিশ জানতে পেরেছে। সেই ঘটনার সাথে অভীকের মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *