আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৭ এপ্রিল: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বামনখালীর চাঁপাতলা গ্ৰামে। এদিন গ্রাম লাগোয়া মুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হয় বছর পঞ্চাশের ঐ ব্যক্তির মৃতদেহ। স্থানীয়রাই প্রথমে নদীতে দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার স্থানীয় এক ব্যক্তি এদিন সকালে নদীতে মাছ ধরতে গিয়ে নদীর পাড়ে মৃতদেহটি ভাসতে দেখে। বিষয়টি স্থানীয় পুলিশ কর্মীদের তিনিই জানান। সেই খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। এই দেহটি কার সে বিষয়ে তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। পাশাপাশি কিভাবে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

