আমাদের ভারত, ২৭ এপ্রিল:
সারা দিল্লি জুড়ে ভয়াবহ পরিস্থিতি। মৃতদেহ সৎকার করার কোনও জায়গা নেই। পাওয়া যাচ্ছেনা অন্তেষ্টি করার দাহকাঠ। নেই অন্ত্যেষ্টি করার লোকও। একরকম মৃত্যু নগরীতে পরিণত হয়েছে দিল্লি।
দিল্লিতে প্রতিদিন সাড়ে ৩০০ করে কোভিড রোগী মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে শহরের সব শ্মশান উপচে পড়েছে মৃতদেহে।
জানা যাচ্ছে, দিল্লির যে শ্মশানগুলিতে ২২টি মৃতদেহ সৎকারের ব্যবস্থা ছিল সেখানে প্রতিদিন ৬০-৭০ টি দেহ সৎকার করা হচ্ছে। চেষ্টা চলছে এই সংখ্যা ১০০তে নিয়ে যাওয়ার। কিন্তু এত দ্রুত সব ধরনের কোভিড বিধি মেনে শ্মশান তৈরি করাও যথেষ্ট কঠিন।
ইতিমধ্যেই কুড়িটি অস্থায়ী এই ধরনের প্লাটফর্ম তৈরি করা হয়েছে। আরো ৮০টি করা হবে। এমনিতেই সারা শহর জুড়ে ২৫টি স্থায়ী শ্মশান রয়েছে।
একসময় মির্জা গালিব দিল্লিকে মৃত্যুর শহর বলে উল্লেখ করেছিলেন। তিনি তার দিনলিপিতে সিপাহী বিদ্রোহের পরবর্তী দিল্লিকে মৃত্যুশহর বলেছিলেন। আজকের দিল্লি যেনো গালিবের দেখা সেই দিল্লি ফিরে এসেছে। রাজধানীর সর্বত্র শুধু আতঙ্ক, শোকের ছায়া।

