স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ আগস্ট: দত্তফুলিয়া পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র এলাকা। বোর্ড গঠন ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে ইট বৃষ্টি, অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে গুলি চালানো হয়েছে।

সূত্রের খবর, রানাঘাট ২ ব্লকের দত্তফুলিয়া পঞ্চায়েতের বৃহস্পতিবার বোর্ড গঠন ছিল। এই পঞ্চায়েতের ৩০টি আসনের মধ্যে ১৪টি তৃণমূল ও ১৪টি আসনে বিজেপি জয়লাভ করে। বাকি দুটি আসনে জেতে সিপিএম। অভিযোগ, বৃহস্পতিবার ভোটাভুটি হলে দেখা যায় তৃণমূল ও বিজেপি দুই পক্ষই ১৫টি করে ভোট পেয়েছে। আর এর পরই লটারি হলে তাতে জয়ী হন বিজেপির প্রার্থী। অভিযোগ, সেই কাগজ ছিঁড়ে দেয় তৃণমূল। আর এর পরই বোর্ডের দখল নিয়েই বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ রণক্ষেত্রের চেহারা নেয় দত্তপুলিয়া পঞ্চায়েত অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী।


