আমাদের ভারত, শিলিগুড়ি, ১১ আগস্ট: “উড়ে এসে জুড়ে বসা হয়েছে”, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যদের এমনভাবেই কটাক্ষ করলেন বামনেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শুধু তাই নয় এবার পৌরনিগমের প্রশাসক বোর্ডে দলীয় নেতাদের বসানোর অভিযোগ তুলে আইনি পথে যাচ্ছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। একই সাথে পৌরনিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা পৌরনিগম অভিযানের ডাক দিয়েছে।
শিলিগুড়ি পুরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে গত বছরই। রাজ্য সরকারের তরফে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে বোর্ডের চেয়ারম্যান করে প্রশাসক পদে বসিয়েছিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। তবে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসক বোর্ড থেকে জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়। এরপরই নির্বাচন শেষ হতে পৌর ও নগর উন্নয়ন দপ্তর থেকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে গৌতম দেবকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করে নতুন করে প্রশাসক পদে বসানো হয় শিলিগুড়ি পৌরনিগমে। একইসাথে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয় রঞ্জন সরকার, অলক চক্রবর্তী ও বিবেক বৈদ্যকে। তবে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল অশোক ভট্টাচার্য সহ জেলা বামফ্রন্ট।
প্রসঙ্গত, শিলিগুড়ি পৌরনিগম সহ রাজ্যের ১১২ টি পৌরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়েছে ১ বছরের বেশি সময় আগে। কিন্তু এখনও নতুন করে নির্বাচন হয়নি। আর তাই প্রশাসক মন্ডলের নামে দলীয় কর্মীদের বসানোসহ টিকাকরণ নিয়ে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তুলে সরব হচ্ছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন, কি হিসাবে প্রশাসক বোর্ডে দলীয় নেতাদের বসানো হয়েছে? এর কোনও আইনি মান্যতা নেই। টিকাকরণ নিয়ে তৃণমূল দলবাজি করছে। আর তাই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপে নেব। আগামী ১৭ আগস্ট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগম অভিযান করা হবে। পুলিশ অনুমতি দিক বা না দিক আন্দোলন হবেই।
অন্যদিকে এই প্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব পাল্টা কটাক্ষ করে বলেন, উনি ভালো থাকুন সুস্থ থাকুন। রাস্তায় হাঁটলে শরীর ভালো থাকবে।
একদা লাল দুর্গ বলে পরিচিত শিলিগুড়ি গত বিধানসভার পর থেকে পৌরনিগম মহাকুমা পরিষদ সবকিছুই বামেদের দখলে থাকলেও চলতি বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে লাল দুর্গে প্রভাব পড়ে। অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী বিজেপি প্রার্থী শংকর ঘোষের কাছে পরাজিত হন বর্ষীয়ান এই বাম নেতা। এরপর থেকেই বামেদের পুরনো ঘাঁটিকে আবার ফিরে পেতে তৎপর জেলা বাম নেতৃত্বরা। আর তাই আসন্ন পৌরসভা নির্বাচনের আগে লালদুর্গের ভরাডুবি বাঁচাতে আন্দোলনের রূপরেখা তৈরি করছে জেলা বামফ্রন্ট।

