সাথী দাস, পুরুলিয়া, ৫ আগস্ট: বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতু। হেলদোল নেই প্রশাসনের। ঝালদা থেকে গোলা সড়কপথে ডুমুরডি গ্রামে সাপই নদীর সেতুতে ধস নেমেছে। গুরুত্বপূর্ণ ওই সড়কে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। দেখা গিয়েছে ওই সেতুর গোড়ার দিকের নীচের অংশ ভেঙ্গে পড়েছে। ধসে গিয়েছে গার্ড ওয়ালের অংশ। নদীতে এখন জলের স্রোত বেশি রয়েছে। যে কোনও সময় সেতুর অংশটি ভেঙ্গে পড়তে পারে বলে দাবি স্থানীয়দের।

বিষয়টি নজরে আসতেই তৎপর হলেন এক ব্যক্তি। বাসুদেব মাহাতো নামে ঝালদার ওই ব্যক্তি কয়েকজনকে নিয়ে সেতুর ওই স্থানে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে লাঠিতে লাল কাপড় দিয়ে পুঁতলেন। ওই ব্যক্তি জানান, “এই রাস্তা দিয়ে পুরুলিয়া যাওয়ার সময় নজরে পড়ে ডুমুরডি গ্রামের পাশে সাপই নদীর সেতুতে ধসের কারণে গর্ত হয়ে যায়। বিপদজনক অবস্থা দেখে যাতে দুর্ঘটনা না ঘটে তাই স্থানীয়দের সহায়তায় ঐ অংশটা লাল জামা দিয়ে সংকেত দিলাম যাতে দুর্ঘটনা না ঘটে। রাস্তাটি পূর্ত দফতরে অধীনে রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে ও জেলা পরিষদে জানাচ্ছি যাতে সেতুটি বিপদ মুক্ত করা হয়।”


