আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি: ডান্স রিয়ালিটি শোয়ের প্রতিযোগীরা শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে। গাড়ি উলটে জখম অন্তত ২৫ জন, মৃত ১ বৃদ্ধা। ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত ও কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এই পথ দুর্ঘটনায় বারাসাত হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধার।

জনপ্রিয় একটি বাংলা টিভি চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর এক প্রতিযোগীর পরিবার ও এলাকাবাসী শুটিং এর উদ্দেশ্যে হাবড়ার গুমা বালুইগাছি পালপাড়া এলাকা থেকে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে যাচ্ছিল। সকাল সোওয়া দশটা নাগাদ গাইঘাটার গোপালপুর এলাকায় প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে ১০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে পড়ে। আহত হয় অন্তত ২৫ জন। যার মধ্যে ১২ জন বালক বালিকা রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রত্যেককে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে ১১ জনকে বারাসাত ও কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাবড়া পুর প্রশাসক নিলিমেশ দাস সহ এলাকার জনপ্রতিনিধিরা হাবড়া হাসপাতাল পৌঁছান। নামি ওই ডান্স রিয়েলিটি শোয়ের প্রতিযোগীর বাবা-মাও এই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।


