স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ আগস্ট : ব্রাউন সুগার ও নগদ টাকা সহ তিন যুবককে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। আটক করা হয়েছে দুটি মোটরবাইক। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ পুর্নিয়া মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে রাজদরবার হোটেলের সামনে দুটি মোটরবাইকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২৬০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করে। আটক করা হয় দুটি মোটরবাইকই এবং গ্রেপ্তার করা হয় মাদক পাচারের সাথে যুক্ত তিন যুবককে। ধৃতরা হল রকিবুল, আনারুল হক এবং আকমল হোসেন। ধৃতদের তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

