দু’মাস আগে নিখোঁজ দলিত তরুণীর দেহ উদ্ধার সমাজবাদী পার্টির নেতার বাড়ির জমি থেকে

আমাদের ভারত, ১১ ফেব্রুয়ারি: দু’মাস আগে নিখোঁজ হয়েছিল উন্নাওয়ের দলিত তরুণী। তখনই তার মা থানায় অভিযোগ করেছিল সমাজবাদী পার্টির প্রাক্তন মন্ত্রী ফতে বাহাদুর সিং এবং তার ছেলে রাজলোর বিরুদ্ধে। এবার সেই ২২ বছরের তরুণীর দেহ উদ্ধার হলো ফতে বাহাদুরের আশ্রম এর পাশের জমি থেকে। মাটি চাপা দেওয়া ওই মৃতদেহ উত্তরপ্রদেশ পুলিশ উদ্ধার করে।

ঘটনার তদন্তকারী উত্তর প্রদেশে পুলিশের এস ও জি টিমের তরফে জানানো হয়েছে এটি একটি অপহরণ ও খুনের ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান। মূল সন্দেহভাজন রাজোল সিংকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে।

উন্নাওয়ের পুলিশ সুপার শশিশেখর সিং জানান, মোবাইল টাওয়ারের লোকেশন চিহ্নিত করে আশ্রমের পাশে একটি ফাঁকা জমি থেকে নিখোঁজ তরুনীর দেহ উদ্ধার করা হয়েছে। ৮ ডিসেম্বর ওই তরুণী নিখোঁজ হওয়ার পরই তার মা থানাতে ফতে বাহাদুর ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ২৪ জানুয়ারি সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদবের গাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই তরুণীর মা।

উত্তরপ্রদেশের বিধানসভা ভোট শুরু হয়েছে। তার মধ্যেই এই নিখোঁজ দলিত তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক উত্তাপ বেশ খানিকটা বেড়ে গিয়েছে। বিএসপি এবং বিজেপি অবিলম্বে সমাজবাদী পার্টির ওই নেতা ও তার ছেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *