আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ মে:
করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে অবশেষে লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১৫ দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়েছে। আর দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ এই করোনা আতিমারির কারনে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। তবে মায়ের পুজো বন্ধ হবে না।
মন্দিরের ভিতরে ভবতারিণী মায়ের পূজো প্রতিদিন নিয়ম মেনেই চালু থাকবে। কিন্তু বাইরের গেটে খোলা হবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাইরের পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে মন্দির প্রাঙ্গন।
করোনা পরিস্থিতির কারনে বেশ কিছু দিন ধরেই কমে গিয়েছিল পুণ্যার্থীদের আসা। অক্ষয় তৃতীয়াতেও দেখা গেছে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ ফাঁকা। আর শনিবার লক ডাউন ঘোষণা হতেই সন্ধ্যার পুজোর পরই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় মন্দির প্রাঙ্গণ। তালা দিয়ে দেওয়া হয় মন্দিরের গেটে। এক আধজনকে মন্দিরে আসতে দেখা গেলেও তারা মন্দিরের তালা বন্ধ গেটে প্রণাম সেরে চলে যান। যাতে লক ডাউন ঠিক করে মানা হয় তাই মন্দিরে গেটের বাইরে কয়েক জন পুলিশ কর্মীকে বসে থাকতে দেখা গেলো এদিন।

