দুর্গাপুজোয় শহরে দাপাচ্ছে টোটো, যানজট নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে পুজোর গাইড ম্যাপ প্রকাশ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ অক্টোবর: পুজোতে শহর দাপাবে টোটো। যানজট নিয়ন্ত্রণে কিছুটা চ্যালেঞ্জ নিয়েই পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার। সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে এই পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। যে বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম সহ পুলিশের সমস্ত কর্মকর্তারা।

এদিন শুরুতেই পুজোর কয়েকটি দিনে বেশকিছু সতর্ক বিধি নিয়ে প্রকাশিত একটি হ্যান্ডবিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেখানে জনসাধারণকে সচেতন করার একাধিক বার্তা দেওয়া হয়েছে। বালুরঘাট ও গঙ্গারামপুরের জন্য প্রকাশিত দুটি গাইড ম্যাপেই যানজট রুখতে একমুখি রুটের উল্লেখ করা হয়েছে। এছাড়াও পুজোর কটা দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ২৫০টি সিসিটিভির নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, নিরাপত্তার দিকটি বিশেষভাবে লক্ষ্য রেখে বাড়তি নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে দুটি শহরেই বাড়ানো হয়েছে সিসিটিভির নজরদারি। এছাড়া টোটোর যানজট কমাতে একমুখি রাস্তা বেছে নেওয়া হয়েছে উভয় শহরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *