আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। অবিলম্বে কোর্টের রায় মেনে তৃণমূল কংগ্রেস সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার দাবি করেছেন দুই বিজেপি নেতা। এই রায়কে তৃণমূল সরকারের পরাজয় বলেও দাবি করেছেন তারা।কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আজ দেশের সর্বোচ্চ আদালতের রায় প্রমাণ করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থান ভুল ছিল। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবেই বলে দিয়েছে সরকারি কর্মচারীদের ডি এ ন্যায়সিদ্ধ অধিকার। দ্রুত ২৫ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। এবং বাদবাকি ডিএ নিয়ে কী হবে তার জন্য তিন সদস্যের কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের রায়কে স্বাগত জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমাদের সরকারি কর্মচারীদের ডি এ পাওয়ার যে অধিকার আদালতের এই রায়ে সেটা আবারও সুনিশ্চিত হলো।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, দীর্ঘদিনের একটানা সংগ্রাম ও অবিচল সংকল্পের পর সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্য সরকারের কর্মচারীরা তাদের আইনসিদ্ধ প্রাপ্য অনুযায়ী মহার্ঘ ভাতা পাওয়ার পথে এগিয়ে গেলেন। এটা ঐতিহাসিক সাফল্য ও রাজ্য সরকারি কর্মচারীদের ঐক্য, ধৈর্য ও দৃঢ় প্রত্যয়ের জলন্ত প্রমাণ।
দীর্ঘ সময় ধরে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছিলেন। ডিএ আটকে রাখার মরিয়া চেষ্টায় রাজ্য সরকার জনগণের অর্থ ব্যয় করে একের পর এক নামী আইনজীবী নিয়োগ করেছিল। শুধু তাই নয়, কর্মচারীদের ন্যায্য আন্দোলনের মুখে লজ্জা জনক পুলিশি দমন অশালীন আচরণ এবং অশালীন অপমানজনক মন্তব্যের মাধ্যমে তাদের ভয় দেখানো ও হেও প্রতিপন্ন করারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু অবিরাম দমন পীরন ও অবিচার সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীরা মাথা নত করেনি। দীর্ঘ, নীতিগত ও সংযত সংগ্রামের মধ্যে দিয়ে আজ তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে নিয়েছে। এই জয় শুধু মহার্ঘ ভাতার প্রশ্নে সীমাবদ্ধ নয়, এটা সর্বোপরি ন্যায়বিচারের জয়।
ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য সুপ্রিম কোর্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের এই ঐতিহাসিক বিজয়ের জন্য এবং তাদের ন্যায্য দাবির পক্ষে আপসহীন অবস্থানের জন্য অভিনন্দন জানিয়েছেন সুকান্ত মজুমদার।
অন্যদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারকে জীবন্ত জীবাশ্ম বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশন ভোগীদের সঙ্গে প্রতারণা করেছে। এখনো সেই প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা মেলা, খেলা, মোচ্ছবের সরকার। দান- খয়রাতির সরকার। দেউলিয়া সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই, যেটা আছে জীবন্ত জীবাশ্ম। রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে অবিলম্বে সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ দেওয়া এবং তার পরে সরকারি কর্মচারীদের জন্য যে ব্যবস্থা নেওয়ার কথা আদালত বলেছে সেটা নতুন সরকার এসে করবে। নতুন সরকারের কাছে তারা ন্যয্য ডি এ পাবেন। কিন্তু এই ২৫ শতাংশ টাকা অবিলম্বে তৃণমূল সরকারকে দিতে হবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

