বনদফতরের অনুমতি না নেওয়ায় মুরারইয়ে বন্ধ করা হল প্রাচীন আম গাছ কাটা

আশিস মণ্ডল, রামপুরহাট, ৩ ডিসেম্বর: বনদফতরের অনুমতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে বহু প্রাচীন আম গাছ। এনিয়ে বিতর্ক তুঙ্গে তুলেছেন এলাকার পরিবেশপ্রেমী ও স্থানীয়রা।

জানা গিয়েছে, মুরারই থানার ধিতোরা গ্রামের বাসিন্দা সন্ন্যাসীর আমবাগানে বেশ কয়েকটি প্রাচীন আম গাছ রয়েছে। কয়েকশো বছরের পুরনো আমগাছ। বিনা অনুমতি নিয়ে প্রায় ১৩ টি আম গাছ কাটার কাজ শুরু করেছেন এক ব্যবসায়ী। এলাকায় গিয়ে দেখা গিয়েছে, একটি আম গাছ কেটে ফেলা হয়েছে। চার-পাঁচটি আমগাছের ডাল কেটে নেওয়া হয়েছে। বহু পুরোনো এই আম গাছ কেন কেটে ফেলা হচ্ছে তার সদুত্তর পাওয়া যায়নি।

আম বাগানের অন্যতম মালিক পপিল গোস্বামী বলেন, “একটি গাছ মরে গিয়েছিল বলে কেটে নেওয়া হয়েছে। অন্য গাছগুলিতে ফলন না হওয়ায় কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগানে এগারো জনের সরিকানা রয়েছে। তবে বনদফতরের কাছে অনুমতি নিয়ে গাছ কাটতে হয় সেই বিষয়টি জানা ছিল না। গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে গাছ কাটার অনুমতি নিয়ে গাছ কাটা শুরু হবে।”

রামপুরহাট বনদফতরে ডিএফও কবির কুমার মন্ডল বলেন, “গাছ কাটার খবর পেয়ে কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়ে গাছ কাটার কাজ বন্ধ করা হয়েছে। কেন অনুমতি ছাড়া গাছ কেটে নেওয়া হচ্ছিল সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *