“কাঁচা বাঁশ কেটে গাঁট শুদ্ধ রাখবেন, পিঠে পড়লে শুধু বাবাগো বললে হবে না, হাসপাতাল পর্যন্ত যেতে হবে,” নিদান দিলীপ ঘোষের

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর:
বিজয়া সম্মিলনীতে ফের বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। নিজের বক্তব্যে অনড় থাকলেন তিনি। ফের কাঁচা বাঁশ কাটার নিদান দিলেন।

পঞ্চায়েত ভোটের অনেক দিন বাকি, আর তার আগেই দিলীপ ঘোষের নিদান, “নিশ্চয়ই তলোয়ার থাকবে, বাঁশ থাকবে, সব থাকবে। পঞ্চায়েতে হিসাব শুরু হবে।” পাশাপাশি তিনি বলেন, “ছল করবে ওরা। আমাদেরও তৈরি থাকতে হবে। কাঁচা বাঁশ কেটে গাঁট শুদ্ধ রাখবেন, পিঠে পড়লে শুধু বাবাগো বললে হবে না, হাসপাতাল পর্যন্ত যেতে হবে।” পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির সাঁতরাপুরের বনদেউলিতে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে এই কথা বলেন দিলীপ ঘোষ।

এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে ব্যক্তিগত আক্রমন করে তিনি বলেন, “আমি বলছি বলে অনেকের, অজিত মাইতির কষ্ট হয়েছে। কাল খড়্গপুরে আমাকে তলোয়ার দিয়েছিল বলে দেখ অনেকের পিলে চমকে গেছে। তলোয়ার দেখলে রাস্তার লোক ভয় পাবে কেন? যাদের কিছু গড়বড় আছে এদিক ওদিক তাদের মনে ভয় হবে, দিলিপ ঘোষের হাতে তলোয়ার মানে মুশকিল আছে। গেলে ফেরা যাবে না। চোর ডাকাতের ভয় হবে।” এছাড়াও একাধিক ভাষায় কটাক্ষ করেন রাজ্যে সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *