কোনও পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে বনগাঁয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ অক্টোবর: কোনও কাজ হচ্ছে না এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। টাকা তোলার জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। পাস বই আপডেট করতে পারছে না গ্রাহকরা। এই অভিযোগ তুলে সোমবার পথ অবরোধ করে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

তাঁদের অভিযোগ, এই ব্যাঙ্কে কোনও কাজ না হওয়ার ফলে অনেকেই এমআইএস এবং পেনশনের টাকা তুলতে পারছেন না। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না, ব্যাঙ্কে পাসবই আপডেট হয় না। অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যেই কেটে নেওয়া হচ্ছে টাকা। এই সমস্ত অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সাতভাই কালীতলা এলাকায় একটি ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা এবং রাস্তা অবরোধ করেন তারা। গ্রাহক উন্নতি বাওয়ালি, সোনালী পাঠকরা বলেন, বিগত তিন বছর ধরে আমরা কোনও পরিষেবা পাচ্ছি না, কোন কারণ ছাড়াই পাসবই থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। কখনও ৫০০ কখনও ২০০। প্রতিবাদ করতে গেলে বলা হয় মেশিন খারাপ। কোনও রকম সহযোগিতা ব্যাঙ্কের তরফ থেকে করা হয় না। তারই প্রতিবাদের সমস্ত গ্রাহকরা আজ এক হয়ে রাস্তায় নেমেছি। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

ব্যাঙ্ক ম্যানেজার রতন রায় বলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না এই সমস্যাটা বিডিও অফিস থেকে হয়েছে। আমরা কথা বলেছি দ্রুত সমাধান হবে। এছাড়া যে সমস্ত পাশবই থেকে টাকা কেটে নেওয়া হয়েছে ব্যাঙ্ক অথবা এটিএম কার্ডের চার্জ হিসাবে টাকা কাটা হয়েছে। পাসবই নতুন করে আপডেট হচ্ছে না কারণ আমাদের ব্যাঙ্ক অন্য একটি ব্যাঙ্কের সাথে মার্চ হয়ে গেছে সেই কারণেই পুরনো পাসবই আপডেট হচ্ছে না। নতুন বই আসলে আমরা দ্রুত তা সমাধান করে দেব আর যা সমস্যা আছে আশা করি এই সমস্যা গুলোর সমাধান দ্রুত হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *