জয় লাহা, দুর্গাপুর, ২২ সেপ্টম্বর: বন্ধ এটিএম পরিষেবা। প্রয়োজন মত টাকা তোলা যায় না। বন্ধ পাসবই আপডেট। বেহাল পরিষেবায় নাকাল গ্রাহকরা। তার প্রতিবাদে কর্মীদের ব্যাঙ্কে আটকে গেট বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রাহকরা। বুধবার এই ঘটনায় চরম উত্তেজনা ছড়াল অন্ডালের বহুলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ঘটনায় জানা গেছে, অন্ডালের বহুলায় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দীর্ঘদিন ধরে পরিষেবায় নাজেহাল গ্রাহকরা। বুধবার গ্রাহকদের ধৈর্য্যের বাঁধ ভাঙে। ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাঙ্কের কর্মীদের আটকে গেটবন্ধ করে বিক্ষোভ শুরু করে।
ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, “এটিএম বন্ধ। পাসবই আপডেট বন্ধ। প্রয়োজন মত টাকা তোলা যায় না। ২৫ হাজারের বেশি টাকা তোলা যায় না। ১০০ টাকা, ২০০ টাকার জমা নিতে অস্বীকার করে। কিছু বললে, ব্যাঙ্ক কর্মীরা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করে। ফলে চরম হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়গুলি বহুবার জানানো হয়েছে। কিন্তু কেন গুরুত্ব নেই পরিষেবায়?”
এদিকে ব্যাঙ্কের বাইরে বিক্ষোভকারীদের জমায়েতের জেরে কাজোড়া-হরিপুর রোডের বহুলা মোড়ে যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ঘন্টাখানেক পর পৌঁছয় পুলিশ। শেষ পর্যন্ত ব্যাঙ্ক ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ ওঠে। ব্যাঙ্ক ম্যানেজার শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, “পরিষেবা নিয়ে গ্রাহকদের কিছু ক্ষোভ রয়েছে। খুব শীঘ্রই সমস্যাগুলোর সমাধান করা হবে।”

