অভিশাপ! সনাতন ধর্মকে অপমান করার পরিণতি, কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষ প্রাক্তন ক্রিকেটারের

আমাদের ভারত, ৫ ডিসেম্বর: রাজস্থান, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ফলাফল রবিবারে ঘোষিত হয়েছে। তেলেঙ্গানা বাদ দিলে তিন রাজ্যে প্রবল পদ্ম ঝড় দেখেছে দেশবাসী। বিজেপির দাপটে বিরোধীদের ঘুম উড়েছে। ২৪- এর লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেয়েছে বিরোধীরা। মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থানের এই ফলাফলে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটের প্রাক্তন বোলার ভেঙ্কটেশ প্রসাদ। একদিকে তিনি যেমন অভিনন্দন জানিয়েছেন মোদী শাহ নেতৃত্বাধীন বিজেপিকে, তেমনি কটাক্ষ করেছেন কংগ্রেস সহ বিরোধীদের। তাঁর কথায়, সনাতন ধর্মকে অপমান করার ফল ভুগতে হচ্ছে কংগ্রেস সহ বিরোধীদের।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি ব্রিগেডের ভূয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে নাম উল্লেখ না করেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র তথা তামিলনাড়ুর অন্যতম মন্ত্রী উদয় নিধিকে এক হাত নিয়েছেন। সনাতন ধর্ম নিয়ে তার করা অপমানজনক মন্তব্যের কথা উল্লেখ করে সরব হয়েছেন।

রবিবার দুপুরে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে। শুধুমাত্র তেলেঙ্গানা পেয়েছে কংগ্রেস। আর তা দেখেই নিজের এক্স হেন্ডেলে প্রাক্তন ক্রিকেটার লিখেছেন,
“সনাতন ধর্মকে অপমান করলে এইরকমই পরিণতি হয়। দুর্দান্ত জয়ের জন্য বিজেপিকে অনেক অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অসাধারণ নেতৃত্ব এবং তৃণমূল স্তরে দলের কর্মীদের ভালো কাজের উদাহরণ এই ফলাফল।”

তবে সনাতন ধর্ম নিয়ে শুধু ভেঙ্কটেশ যে এমন মন্তব্য করেছেন তা নয়, একই সুর শোনা গেছে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমের গলাতেও। তিনি বলেছেন, সনাতন ধর্মের বিরোধিতা করায় দল ডুবে গিয়েছে। এ দেশ কখনো জাতপাত ভিত্তিক রাজনীতি গ্রহণ করেনি। সনাতন ধর্মের বিরোধিতা করার অভিশাপ এটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *