পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা প্রচার ও মাস্ক বিতরণ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ এপ্রিল: ঝাড়গ্রাম জেলাজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। যার ফলে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় নেমে করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া এলাকায় পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের উদ্যোগে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়। সেই সঙ্গে পথচলতি মানুষদের হাতে স্যানিটাইজার ও মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের সম্পাদক মনোহর মাহাতো ও সভাপতি ধ্রুব মাহাতো বলেন, ক্লাবের পক্ষ থেকে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানো হয়েছে। এলাকায় বেশি মানুষের জমায়েত করা চলবে না। তাঁরা বলেন, আমরা সমস্ত গ্রামবাসীকে ও পথচলতি মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার জন্য আবেদন জানিয়েছি এবং মাস্ক ছাড়া বাড়ির বাইরে সকলকে বেরতে নিষেধ করেছি। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *