তিন বছর আগের করা মামলায় জলপাইগুড়ি জেলা আদালত থেকে জামিন পেলেন ডিওয়াইএফআই’য়ের বর্তমান ও প্রাক্তন রাজ্য সম্পাদক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ জানুয়ারি: তিন বছর আগে পুলিশের করা মামলায় জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও প্রাক্তন রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। শুক্রবার জেলা আদালতের চিফ জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

২০২০ সালের ১২ ফেব্রুয়ারি একাধিক ইস্যু নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। অভিযানকে কেন্দ্র করে ১৪৪ ধারা সহ পুলিশের বাধা টপকে এগিয়ে যায় আন্দোলনকারীরা। এরপরেই পুলিশের তরফে রাজ্য নেতা-নেত্রী সহ মোট বারো জনের বিরুদ্ধে একাধিক মামলা করে পুলিশ। আদালত সূত্রে জানা যায় ১৪৩, ১৮৬, ১৩২, ১৫৩ ধারা সহ এইট অফ ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট ধারার মামলা করা হয় সকলের বিরুদ্ধে। আগেই দশজনের জামিন মঞ্জুর হয়েছিল। এ দিন জেলা আদালত থেকে মীনাক্ষী ও সায়নদীপের জামিন মঞ্জুর করলেন বিচাকর।

জামিন পেয়ে মীনাক্ষী আদালতে দাঁড়িয়ে বলেন, “রাতে স্বপ্ন দেখছে পুলিশ সকালে ১৪৪ ধারা হয়ে যাচ্ছে। তিন বছর আগে উত্তরকন্যা অভিযান করা হয়েছিল। পুলিশের অনুমতি নিয়ে। এরপর পুলিশ ইচ্ছে মত মামলা দিয়েছে। আইনকে শ্রদ্ধা করি এই কারণে আদালতে এসেছি।”

এদিকে সায়নদীপ বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে পুলিশ গুন্ডামি করছে। এই কারণে মিথ্যে মামলা দিয়েছে পুলিশ।”

এদিকে দু’জনের পক্ষের আইনজীবী শঙ্কর দে বলেন, “উত্তরকন্যা অভিযানের পর পুলিশ ষড়যন্ত্র করে মিথ্যে মামলা করেছে। সবই মিথ্যে অভিযোগ। সকলের জামিন হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *