ওয়েব সাইটে মেদিনীপুর ফিউচার কেয়ারের সাংস্কৃতিক প্রতিযোগিতা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জুলাই:
কোভিড পরিস্থিতির মধ্যে অনলাইন ওয়েবসাইটে অনুষ্ঠিত মেদিনীপুর ফিউচার কেয়ারের সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে রবিবার। ওই দিন সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল দেখা যাবে।

অতিমারীর সময় কার্যত একপ্রকার গৃহবন্দি থাকা ১৮ বছর বয়স পর্যন্ত ছাত্র ছাত্রীদের মানসিক আনন্দ দিতে এবং তাদের সাংস্কৃতিক প্রতিভা প্রকাশের লক্ষ্যে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে গত ২১-২৭ জুন, ২০২১ একটি বহুমুখী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডাঃ রশ্মি কমল। এই প্রতিযোগিতা ঘিরে বিভিন্ন স্তরের স্কুল পড়ুয়াদের মধ্য ব্যপক উৎসাহ লক্ষ্য করে আয়োজকরা এই প্রতিযোগিতার অংশগ্রহণের তারিখ ৩০ জুন পর্যন্ত বাড়াতে বাধ্য হন। প্রতিযোগিতার ৭টি বিষয়ের বয়স ভিত্তিক ১৭টি বিভাগে দক্ষিণবঙ্গের ৭ টি জেলা থেকে মোট ৭৭৭জন প্রতিযোগী অংশ নিয়েছে।

যে সাতটি বিষয়ে প্রতিযোগিতা হয় সেগুলি হল আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, বক্তব্য, মৌলিক লেখা, অঙ্কন ও ফটোগ্রাফি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের গুণমান নির্ধারণে অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন ক্ষেত্রের ৩২ জন বিচারক ছিলেন। যার ফলাফল ১১ জুলাই, ২০২১ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *