নিয়তির নির্মম পরিহাস! পার্থ কুণালের সেকাল একাল ভিডিও পোস্ট করে খোঁচা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৪ জুলাই: ইতিহাসের চাকা ঘুরবেই। ঘটনার পুনরাবৃত্তি হবেই। হিসেব মিলবেই। সোশ্যাল মিডিয়ায় পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের একটি ভিডিও আপলোড করে হয়তো তেমনটাই বোঝাতে চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তার মাথায় লিখেছেন নিয়তির নির্মম পরিহাস। আসলে তিনি খোঁচা দিতে চেয়েছেন পার্থ কুণাল উভয়কেই। তার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওর প্রথমভাগে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় একেবারে সুস্থ শরীরে বসে বলছেন, “রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে চিঠি দিয়েছিলাম। দলের নীতির বিরুদ্ধাচরণ করেছেন তিনি। সাধারণের চোখে দলকে হেয় করার চেষ্টা করেছেন। তাই সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে কুণাল ঘোষকে সাসপেন্ড করা হল।” ভিডিওর প্রথম ভাগ এখানেই শেষ হতেই আবার বর্তমানে ফিরে আসছে। বাকি অর্ধেক ভিডিওতে কুণালকে বলতে শোনা গেছে, “গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে সেগুলো যদি বিচারে সত্য বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

আর এই ভাবেই ইতিহাসের পুনরাবৃত্তির কথা বোঝাতে চেয়েছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “নিয়তির নির্মম পরিহাস, সেকাল-একাল, তফাৎ শুধু সময়ের”, ফেসবুকে এই ভিডিও শেয়ার করতেই লাইক পড়েছে কয়েক হাজার। এক হাজারেররো বেশি এটি শেয়ার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল। এই ভিডিওর মাথায় কেউ লিখেছেন হিস্ট্রি রিপিটস, কেউবা লিখেছেন আয়নায় ফিরে তাকানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *