জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ মার্চ:
মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়ানের উদ্যোগে সামাজিক কার্যক্রম কর্মসূচি নেওয়া হয়। নিবিড় জনসংযোগের লক্ষ্যে এদিন বাংলা- ঝাড়খন্ড সীমান্তবর্তী জামবনি থানা এলাকার ওড়ো আমতলিয়া এবং বেলপাহাড়ি থানার খট্টাধরা গ্রামে দুদিনের এই কর্মসূচিতে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। এইসব গ্রামগুলিতে সহায়তা অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষদের মোট এক হাজার কম্বল, দুশোটি ট্রানজিস্টার সেট ও ৭৮টি সৌরবাতি বিতরণ করা হয়। গ্রামগুলিতে পানীয় জলের সুবিধার জন্য চারটি জলের পাম্প বসানোর পরিকল্পনা নেওয়া হয়।

এর আগে ১৮৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিআর মীনা স্থানীয় যুবকদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার এবং তাদের প্রতিভা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা ও প্ল্যাটফর্ম দেওয়ার পদক্ষেপ করেছিলেন। পাশাপাশি, সিআরপিএফের এই ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে অভিজ্ঞ প্রশিক্ষকদের দিয়ে তাদের এসএসসি, আরপিএফ, সিএএফপি ইত্যাদি চাকুরির জন্য প্রাক-নিয়োগ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের জ্ঞান বৃদ্ধির জন্য পাঁচটি গ্রামে গ্রন্থাগারের ব্যবস্থা করে ইউনিট মাফিক বিভিন্ন বই সরবরাহ করা হয়েছে। এর ফলে তারা এলাকার বিভিন্ন অবৈধ কার্যকলাপ থেকে নিজেদের দূরে রাখার মনোভাব ব্যক্ত করেছে বলে সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের আইজিপি শ্রী মনোজ কুমার দুবে এবং মেদিনীপুরের ডিআইজিপি শ্রী পঙ্কজ কুমার ও ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট শ্রী বিআর মিনা সহ অন্যান্য আধিকারিকদের অনুরোধে এই সমাজকল্যাণকর কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে কর্মসূচিতে যোগ দেন অনেক পুলিশ আধিকারিক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সেনাকর্মী, স্থানীয় পঞ্চায়েত সদস্য স্থানীয় যুবক-যুবতী ও গ্রামবাসীরা।

