আমাদের ভারত, ১৩ আগস্ট: ভাই বোনের অটুট ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব। সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের আধিকারিক এবং জওয়ানরা কলকাতার নিউটাউনের আচার্য তুলসী একাডেমী অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া ও শিক্ষিকাদের সাথে রাখি উৎসব পালন করলেন।

এদিন স্কুলের ছাত্র- ছাত্রীদের দেশাত্মবোধক গানে মুগ্ধ হয়ে গিয়েছিলেন জওয়ানরা। রাখি বন্ধন উৎসব উপলক্ষে স্কুলে উপস্থিত ছোট্ট ছোট্ট পড়ুয়ারা ও শিক্ষিকারা সিআরপিএফের আধিকারিক এবং জাওয়ানদের হাতে রাখি বাঁধেন এবং মাথায় তিলক কেটে তাদের দীর্ঘায়ু কামনা করেন। জওয়ানরাও বোনেদের রাখি উপলক্ষে উপহার দেন।

এই অনুষ্ঠান উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিলা শাহ ডেপুটি কমান্ডেট দিলীপ মালিকের হাতে রাখি বাঁধেন। তিনি বলেন যে, জওয়ানরা আমাদের দেশের সুরক্ষায় দিনরাত সংঘর্ষ করে চলেছে তাদের হাতে রাখি বাঁধার থেকে পুন্যের কাজ আর কিছু হয় না।

এই অনুষ্ঠান উপলক্ষে সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের ডেপুটি কমান্ডেট দিলীপ মালিক নিজের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে বলেন, সিআরপিএফের আধিকারিক এবং জওয়ানরা বাড়ি থেকে বহুদূরে থেকে প্রতি মুহূর্তে দেশের সেবায় নিয়োজিত। তাদের প্রাথমিক এবং প্রধান কাজ দেশের সেবায় নিজেকে সমর্পিত করা। আর সেই কারণেই তারা সব সময় পরিবারের সাথে উৎসব-পার্বণে শামিল হতে পারেন না। তাই এই ধরনের উৎসবের আয়োজন হলে জাওয়ানরাও নিজেদের পরিবারের সঙ্গে থাকার অনুভূতি ফিরে পায়। একই সঙ্গে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সবাইকে অভিনন্দন জানান তিনি।
অন্যদিকে, সিআরপিএফের মহিলা ব্যাটেলিয়ান এখন ঝাড়গ্রামে মাওবাদী প্রভাবিত এলাকায় মোতায়েন রয়েছে। ওই ব্যাটালিয়নের মহিলারা স্থানীয় যুবক এবং স্কুলের ছাত্রদের হাতে রাখি বেঁধে রাখি উৎসব পালন করেছেন।

