জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় সিআরপিএফ জওয়ান নন্দলাল রানার মৃত্যু, তমলুকে কান্নার রোল পরিবারে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ ডিসেম্বর: তমলুকের হরশঙ্কর গ্রামের সেনাবাহিনীতে কর্মরত জওয়ান নন্দলাল রানার জম্মু কাশ্মীরের লাদাখের কাছে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয়। মৃত্যুর খবর আজ বাড়িতে এসে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। এলাকাতেও শোকের ছায়া।

জম্মু-কাশ্মীরের লাদাখে মেঘলা আকাশ ও কুয়াশার মধ্যে চলছে তল্লাশি। আজ সকালে মাথায় মেঘলা আকাশ নিয়ে লাদাখের সিআরপিএফ ক্যাম্প থেকে পাহাড়ের রাস্তা দিয়ে তল্লাশি চালানোর সময় ৪২ নম্বর ব্যাটেলিয়ান দলের ৪ জনের একটি দল একটি সিআরপিএফের জিপে করে পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ের রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ নম্বর ব্যাটেলিয়ানের লাইনম্যান জাওয়ান ৩৬ বছরের নন্দলাল রানার। বাকি তিন সিআরপিএফ জওয়ানও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জম্মু-কাশ্মীরের সিআরপিএফ হাসপাতালে। মৃত সিআরপিএফ জওয়ান নন্দলাল রানার বাড়ি তমলুক থানার নীলকুণ্ঠ‍্যা অঞ্চলের হরশংকর গ্রামে। মর্মান্তিক খবর শোনার পর গোটা গ্রামে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোককুমার পাইক জানিয়েছেন, আজ সকাল বেলায় নন্দলালের মৃত্যু হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে জম্মু কাশ্মীর থেকে তারাশঙ্করের বাড়িতে পৌঁছে দেবে সেনাবাহিনীর লোকজন। তবে মৃতদেহ নন্দলালের হরশঙ্করের বাড়িতে পৌঁছাবে কাল বা পরশু দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *