পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: শান্ত ডেবরাকে বিজেপির অশান্ত করার চক্রান্তের অভিযোগ, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডেবরা কলেজের সামনে থেকে ডেবরা বাজার পর্যন্ত মিছিল করলো তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। মিছিলে পা মেলান হাজার হাজার তৃণমূল কর্মী- সমর্থক। ডেবরার সব রেকর্ড ছাপিয়ে যায় এই মিছিল, বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

প্রসঙ্গত, ডেবরায় পুলিশ হেফাজতে আদিবাসী যুবকের মৃত্যু ঘিরে তপ্ত হয়ে উঠেছিল ডেবরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে ডেবরায় এসে তৃণমূলকে আক্রমণ করে।
ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর বলেন, শান্ত ডেবরাকে বিজেপির অশান্ত করার চক্রান্ত ডেবরার মানুষই রুখে দেবে। মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি তারই প্রমাণ।
মিছিল শেষে ডেবরা চকে একটি সভাও করে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় ২০০টি পরিবার তৃণমূলে যোগদান করে।

