পশ্চিম মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর রোড’শোতে মানুষের উপচে পড়া ভিড়, হিমসিম পুলিশ কর্মীরা

কুমারেশ রায় ও জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মার্চ:
রবিবার পশ্চিম মেদিনীপুরের তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড’শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি ডেবরা, কেশপুরে ও চন্দ্রকোনায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো ও সভা করেন।

এদিন প্রথমে তিনি চন্দ্রকোনায় যান। সেখান থেকে কেশপুরে। এরপর যান ডেবরায়। তিনি যেখানেই গেছেন সেখানেই ছিল মানুষের বাধভাঙা উচ্ছ্বাস। ডেবরার গোলগ্রামে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে সভা করেন তিনি। সভা থেকে মিঠুন বলেন, আগে আপনারা বাম শাসন থেকে মুক্তি পেতে তৃণমূলের সরকার ক্ষমতায় এনেছিলেন। কিন্তু ফল কি হলো? আজ এই তৃণমূলের সরকারের বিরুদ্ধে মানুষ চলে গেছে। এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। কেশপুরের দোগাছিয়া থেকে কেষ্টপুর বাজার পর্যন্ত কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রীতিশ রঞ্জন কুয়ারের সমর্থনে রোড শো করে ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী।

চন্দ্রকোনা বিধানসভার জাড়া থেকে রামজীবনপুর পর্যন্ত রোড শো করেন মহাগুরু। চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী শিবরাম দাস এর সমর্থনে এই রোড’শো করেন। বিজেপি কর্মী এবং সমর্থকদের উচ্ছ্বাস উপচে পড়েছিল।
এছাড়া মহাতারকাকে দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমান। ভিড় এতটাই হয়েছিল যে মিঠুনের গাড়ি শামুকের গতির থেকেও কম গতিতে এগোচ্ছিল। এই র‍্যালিতে হাজার হাজার মানুষ পা মেলান। হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন এবং ভলান্টিয়ারদের।

রোড শো এর শেষে উজ্জীবিত বিজেপি কর্মী এবং সমর্থকরা বলেন, আজ এই রোড’শো ঘিরে মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তা ঐতিহাসিক। উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়ে মহাগুরু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, রাজনীতিতে ক্যারিয়ার গড়তে তিনি আসেননি, তিনি এসেছেন মানুষের কাজ করতে। রবিবারের রোডশো’তে বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষের জমায়েতকে অভিনন্দন জানান মহাগুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *