সাথী দাস, পুরুলিয়া, ১৫ মে: লকডাউনের খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন সুরাপ্রেমীরা। টাকার বান্ডিল নিয়ে তাদের ছুটতে দেখা গেছে মদের দোকানে। পুরুলিয়ায় বিভিন্ন এলাকায় তাই মদ কেনার ধুম পড়তে দেখা গেল। জেলা সদর ছাড়াও ঝালদায় মোদের দোকানে ভিড় দেখা গিয়েছে। বেশ কয়েকটি দোকানে হুড়োহুড়ি পড়ে। এমন কি বচসা হতে দেখা গিয়েছে ক্রেতাদের মধ্যে।

কাল থেকে রাজ্যে কার্যত কড়াকড়ি লকডাউন। কি খোলা থাকছে কি থাকছে না অতসব চিন্তা না করে মদ কেনার হিড়িক দেখা গিয়েছে। লাইন দীর্ঘ হয়েছে দোকানগুলিতে। কেউ থলি ভর্তি তো কেউ পেটি পেটি মদ সংগ্রহ করে রাখছেন। বাড়িতে রসদ বলতে তাঁরা যেন মদকেই অগ্রাধিকার দিতে চান।

এই দৃশ্য চাক্ষুষ করেন পথচারীরা। কাল থেকে মদ পাওয়া যেন অসম্ভব হয়ে পড়বে, এই আশঙ্কা থেকেই বেশি করে মজুত করতে চান বলে জানান সুরা প্রেমীরা।

