পুরুলিয়ায় ভোট প্রচারে সায়ন্তিকার রোড’শোতে জনজোয়ার

সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: পুরুলিয়া, রঘুনাথপুর ও ঝালদায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় বুধবার রাতে প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও। পথসভার পাশাপাশি রোড শো-তে অংশ নেন তিনি।

সায়ন্তিকার রোডশোতে ছিল জনজোয়ার। সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল যেন ভোটের আগেই বিজয় মিছিল! সভা মঞ্চেই ফ্যানদের সাড়া দিলেন। কখনও হাত নেড়ে, কখনও মাস্ক খুলে। ভক্তদের উচ্ছ্বাস উদ্দীপনায় সমর্থন করতে দেখা গেল টলিউড নায়িকাকে। শুধু তাই নয়, তৃণমূলের এই নেত্রীকে আম-জনতার উদ্দেশে চুপ থাকারও ইশারা করতে দেখা গেছে।

তারকা প্রার্থীকে দেখতে, তাঁর সান্নিধ্য পেতে ভিড় ছিল দেখার মতো। সামাল দিতে হয় তৃণমূলের কর্মী-সমর্থকদের। তবে ভোটবাক্সে এর কোনও প্রভাব পড়বে? উত্তর মিলবে মার্চ মাসের ২ তারিখেই।

এব্যাপারে, অভিনেত্রী সায়ন্তিকা দাবি করেন, প্রত্যেক নির্বাচনে মানুষ সাড়া দিয়েছেন। পুরসভার ভোটেও মানুষ তাদের রায় জানাবেন, তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, রাজ্যের সমস্ত পুরভার পাশাপাশি পুরুলিয়ার তিনটি পুরসভাতেও বিপুল ভোটে জয় লাভ করবে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *